আবারও চলচ্চিত্রের গানে তাহসান
![]() |
| আবারও চলচ্চিত্রের গানে তাহসান |
চলচ্চিত্রে গায়ক হিসেবে তাহসানের অভিষেক হয়েছিল ‘ছুঁয়ে দিলে মন’ গানটির মাধ্যমে। একটি গান দিয়েই চলচ্চিত্রে বাজিমাত করেছিলেন তিনি। সাজিদ সরকারের সুর ও সংগীতে রোমান্টিক ধাঁচের এ গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দেন নতুন প্রজন্মের গায়িকা শাকিলা সাকি।
সম্প্রতি নতুন আরেকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন তাহসান। ছবির নাম মুসাফির। পরিচালক আশিকুর রহমান। চলচ্চিত্রে এটি তাহসানের গাওয়া দ্বিতীয় গান।তাহসান বলেন, ‘সবাই আমাকে রোমান্টিক গানের গায়ক হিসেবে বেশি দেখেছে। মুসাফির ছবির ‘পথ জানা নেই’ গানটি একেবারেই অন্য ধরনের। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছে নাভেদ পারভেজ। আরবান পপ ঘরানার এই ধরনের গান আমি আগে কখনো করিনি। আমি মনে করি বাংলাদেশি চলচ্চিত্রে এ ধরনের গান এক নতুন সংযোজন।’
মুসাফির ছবিতে তাহসানের গাওয়া গানের সঙ্গে পর্দায় ঠোঁট মেলাবেন আরিফিন শুভ। প্রথম ছবিতেও তাহসানের গানের সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন শুভ। তাহসান বলেন, ‘আমাদের চলচ্চিত্রে বেশির ভাগ গানই হয় রোমান্টিক ধাঁচের। এ ছাড়া হয় আইটেম গান। কিন্তু মুসাফির ছবিতে যে ধরনের গান করেছি তা একেবারেই হয় না। গানটির সংগীতপরিচালক নতুন হলেও বেশ প্রতিভাবান। আমার মতে, সে অসাধারণ কাজ করেছে। এ ধরনের গান আমাদের ফিল্মে আরও হওয়া উচিত।’
চলচ্চিত্রে গায়ক হিসেবে তাহসানের অভিষেক খুব বেশি দিনের না হলেও সংগীতপরিচালক হিসেবে তিনি নাম লেখান অনেক আগে। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্রটি ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সংগীতজগতে তাহসানের পদচারণা প্রায় দেড় যুগের। এই সময়ে অডিও অ্যালবাম এবং নাটকের গানের মাধ্যমে তিনি বেশ শ্রোতাপ্রিয়তা লাভ করেন।

No comments:
Post a Comment